দাবি উপেক্ষা করলে এই সরকারকেও জনগণ প্রত্যাখ্যান করবে: জামায়াত

জনগণের ভাষা ও ন্যায্য দাবি উপেক্ষা করলে অতীতের স্বৈরাচারী সরকারগুলোর মতো বর্তমান সরকারকেও জনগণের প্রত্যাখ্যানের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের রায় ও সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রতি সম্মান প্রদর্শন। কিন্তু সরকারের বিভিন্ন সিদ্ধান্তে জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে নির্বাচন ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যে রাজনৈতিক দল জনগণের ভোট ও রায়কে সম্মান করে না, তাকে প্রকৃত গণতান্ত্রিক দল বলা যায় না। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে জামায়াতে ইসলামী আপস করবে না বলেও জানান তিনি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সময়ক্ষেপণ না করে জনগণের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে জনগণের অধিকার নিশ্চিত না হলে দেশজুড়ে নতুন করে আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির মো. নূরুল ইসলাম বুলবুল। এতে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
.png)



-93a7bc.jpg)


