‘অনলাইন ক্লাসের নামে শিক্ষার্থীদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সরকার’

সরকার তেলসংকটের কথা বলে কোমলমতি শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে বরিশালের চরমোনাই মাহফিলে আগত ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে আহমদ আবদুল কাইয়ুম বলেন, অনলাইন ক্লাসের নামে কোমলমতি শিক্ষার্থীদের চরিত্র হননের চক্রান্ত রুখে দেওয়া হবে।
শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের মাধ্যমে পাঠদানের সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা কোমলমতি শিক্ষার্থীদেরকে ধ্বংস হতে দিতে পারি না।
মহানগর দক্ষিণের সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নগর দক্ষিণ সহসভাপতি মো. আনোয়ার হোসেন, এম এইচ মোস্তফা, মাওলানা কে এম শরীয়ত উল্লাহ প্রমুখ।