মিথ্যা আশ্বাসে নয়, ভেবেচিন্তে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন : নাহিদ ইসলাম

মিথ্যা আশ্বাসে নয়, চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিতে বললেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাজধানীর বাড্ডার সাতারকুলের বিভিন্ন স্থানে রোববার (২৫ জানুয়ারি) সকালে নির্বাচনি প্রচারণায় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ আমাদের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাতে তারা সফল হচ্ছে না। চাঁদাবাজ-সন্ত্রাস ও দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তন নয়, নতুন বাংলাদেশ গড়ার। ভোটাররাও বেশ সাড়া দিচ্ছেন।
এনসিপির আহ্বায়ক বলেন, নির্বিঘ্নে ভোট দেবেন, যাকেই ভোট দিন বিবেচনা করে দেবেন। কোনো কিছুর বিনিময়ে, কোনো সুবিধার বিনিময়ে বা কোনো মিথ্যা আশ্বাসে ভোট দেবেন না।
তিনি আরও বলেন, চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। যিনি সত্যিকার অর্থেই আপনারা এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম তাকে ভোট দেবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।
এ সময় শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।