logo

বিএনপি প্রার্থীর সঙ্গে ইসি কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ

বিএনপি প্রার্থীর সঙ্গে ইসি কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ

ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থী আমিনুল হকের সঙ্গে নির্বাচনি কাজে যুক্ত এক কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বাতেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি। অভিযোগের সঙ্গে ছবি ও ভিডিও সংযুক্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির দাবি জানানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদের কাছে তিনি অভিযোগপত্র জমা দেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এই অভিযোগ করলেন জামায়াত মনোনীত এই প্রার্থী।

অভিযোগে আবদুল বাতেন উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী প্রকৌশলী (পুর) মো. কামরুল হাসানকে।

ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের বাসায় ১০ ফেব্রুয়ারি তিনি গোপন বৈঠক করেন। অভিযোগপত্রের সঙ্গে ছবি ও ভিডিও সংরক্ষিত পেনড্রাইভ সংযুক্ত করা হয়। নির্বাচনি দায়িত্বে থাকা অবস্থায় একজন প্রার্থীর বাসায় গোপন বৈঠক করা দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করেন জামায়াতের এই সংসদ সদস্য প্রার্থী।

আবদুল বাতেন বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর সঙ্গে সখ্য বজায় রাখলে একটি আসনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাকে তাৎক্ষণিক বদলি করে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।