logo

ধর্ষক নূরাকে ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে: হাসনাত আবদুল্লাহ

ধর্ষক নূরাকে ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে: হাসনাত আবদুল্লাহ

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যার মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ দাবি জানান। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় জানা যাচ্ছে, স্থানীয় বিএনপি নেতাও জড়িত। তিনি হলেন, মহিষাশুড়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান।’

তিনি আরও লেখেন, ‘সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নরসিংদীর মাধবদীতে দিন ১৫ আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবার বিচার চেয়ে স্থানীয় মেম্বারের কাছে বিচার দেন। কিন্তু ধর্ষকদের কাছ থেকে টাকা খেয়ে বিএনপি নেতা ও মেম্বার আহম্মদ আলী দেওয়ান আপসের নামে ধর্ষণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মামলা করতে দেননি। উল্টো মেয়েটির পরিবারকে এলাকা ছাড়তে বলেন।’

 

হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘এতে চাপে পড়ে বুধবার বিকেলে কিশোরী মেয়েকে খালার রেখে আসতে যাচ্ছিলেন বাবা। সে সময় তুলে নেয় নূরা। বৃহস্পতিবার সরিষা ক্ষেতে মেয়েটির লাশ পাওয়া যায়। পুলিশ মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে। যা যথেষ্ট নয়। ধর্ষক নূরাকে ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। আহম্মদ আলী দেওয়ানের শক্তির উৎস বিএনপি নেতাদের ধরতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে, বিএনপি নেতাদের প্রশ্রয়ে ধর্ষণ অপহরণ খুনের মতো জঘন্য অপরাধ কবে থামবে?’