৩ ইস্যুতে ইসির সামনে ফের ছাত্রদলের অবস্থান

তিন ইস্যুতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনের সড়কে ফের অবস্থান নিয়েছে ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে দ্বিতীয় দিনের এই কর্মসূচি শুরু করে তারা।
সরেজমিনে দেখা গেছে, মহানগরের বিভিন্ন ইউনিট থেকে ছাত্রনেতারা ইসির সামনের সড়কে অবস্থান নেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে পুলিশ, র্যাব, নৌবাহিনী ও আনসার বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
ছাত্রদলের ৩ অভিযোগ হলো-
১. পোস্টাল ব্যালটসংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।