logo
Advertisement

জনগণের রায়কে ভয় পেয়ে স্থানীয় নির্বাচনে টালবাহানা: সাদিক কায়েম

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জনগণের রায়কে ভয় পেয়ে স্থানীয় নির্বাচনে টালবাহানা: সাদিক কায়েম
ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। ছবি: তার ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া

জনগণের রায়কে ভয় পেয়ে স্থানীয় নির্বাচনে সরকার টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, নির্বাচন আয়োজনে সরকারের টালবাহানা, সমন্বয়হীনতা ও স্বায়ত্তশাসিত নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করার মানসিকতা এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে।

সাদিক কায়েম বলেন, গত সোমবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসি সানাউল্লাহ সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন এবং প্রথম ধাপের তারিখ ১২ নভেম্বর নির্ধারণ করেন। কিন্তু পর দিনই স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে, ইসির দেওয়া এই তারিখ চূড়ান্ত নয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের বক্তব্যেও সরকারের সিদ্ধান্তের প্রাধান্যের বিষয়টি উঠে আসে। ইসি ও সরকারের এই বিপরীতমুখী অবস্থানকে কমিশনকে চাপে রেখে নিজেদের সুবিধাজনক সময়ে নির্বাচন করানোর চক্রান্ত বলে দাবি করেন তিনি।

দেশ পরিচালনায় ব্যর্থতা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও নিপীড়নের কারণে বিএনপি সুষ্ঠু নির্বাচন ও জনগণের রায়কে ভয় পাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সে কারণেই ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসিয়ে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে, যা আইয়ুব খানের শাসনব্যবস্থার কথা মনে করিয়ে দেয়।

নির্বাচন কমিশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জানিয়ে সাদিক কায়েম বলেন, নির্বাচন কমিশনকে দলীয়করণ ও নিয়ন্ত্রণ করে দেশে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ বা নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠার পরিণতি কখনো ভালো হতে পারে না।

তিনি সরকারকে অবিলম্বে নির্বাচন কমিশনসহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কাজে হস্তক্ষেপ বন্ধ করে সেগুলোকে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানান।