logo
ইসলামী আন্দোলন মুখপাত্র

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা অন্যায্য

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা অন্যায্য
ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা অন্যায্য বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

বৃহস্পতিবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু দেশের অন্য সবার মতো আমাদেরকেও ব্যথিত করেছে। এমন দুর্ঘটনার পরে তদন্ত হওয়া, তদন্তে যাদের দায় বা কর্তব্যে অবহেলা পাওয়া যাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হাসপাতাল কর্তৃপক্ষের দায় থাকলে তা-ও শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আসা উচিত। কিন্তু দেশের স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠিত একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করার যে সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তর নিয়েছে, কোনোভাবেই তা কাম্য নয়। এটা কোনো ন্যায্য সিদ্ধান্তও নয়।

স্বাস্থ্য অধিদপ্তরকে লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে জানিয়ে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, তদন্তে যাদের দায় বা অবহেলা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন। হাসপাতালের ত্রুটি থাকলে হাসপাতালকে জরিমানা করা যেতে পারে কিন্তু কোনো অবস্থাতেই আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করা যাবে না।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের সবখানে অরাজকতা ও অন্যায্যতা বিরাজ করছে বলে মন্তব্য করেন গাজী আতাউর রহমান।

তার মতে, অধিকাংশ হাসপাতাল মানসম্মত সেবা দেয় না। যেসব হাসপাতাল মানসম্মত সেবা প্রদান করে সেখানে মাত্রাতিরিক্ত মূল্য ধার্য করে। সাধারণ ও নিম্ন আয়ের মানুষদের জন্য সরকারি হাসপাতালে মানবেতর সেবা গ্রহণ ছাড়া উপায় থাকে না।

আদ্-দ্বীন হাসপাতাল ২০০০ সাল থেকে স্বল্পমূল্যে মানসম্মত সেবা প্রদান করে আসছে জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, বিগত ছাব্বিশ বছরে তাদের থেকে দুই কোটির মতো রোগী সেবা পেয়েছে। হাসপাতালে দেড় লক্ষাধিক সার্জারি হয়েছে এবং বিশ লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী সেবা নিয়েছে। অন্তঃসত্ত্বা নারীর সেবায় সার্জারির বিপরীতে নরমাল ডেলিভারিতে আদ্-দ্বীন হাসপাতালের অবদান এক অনন্য মাত্রা অর্জন করেছে। গরিবদের সেবায় এই হাসপাতালে রয়েছে অসামান্য অবদান। এত বেশি রোগীর সেবা করলেও বিগত ২৬ বছরে এই হাসপাতালে বড় ধরনের কোনো দুর্ঘটনার নজির নেই। এটা এই হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনার দক্ষতা ও আন্তরিকতার সাক্ষ্য প্রদান করে।

ক্ষতিগ্রস্ত পরিবারকে আদ্-দ্বীন কর্তৃপক্ষ এর মধ্যে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি।

গাজী আতাউর রহমানের মতে, দুর্ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু আদ্-দ্বীনের মতো গরিববান্ধব, সাশ্রয়ীমূল্যের মানসম্মত সেবা প্রদানকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা যাবে না।