১৮ বছরে আমাদের জীবন ধ্বংস ও তছনছ করা হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৮ বছর আমরা বহু নির্যাতন সহ্য করেছি, আমাদের জীবনটাকে ধ্বংস করে ফেলা হয়েছে, তছনছ করে ফেলা হয়েছে। এখানে আমি সামনে যাদের দেখতে পাচ্ছি আমার সহকর্মীবৃন্দ, প্রত্যেকেই ভয়াবহভাবে নির্যাতিত, নিগৃহীত।
তিনি বলেন, আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, ২০ হাজার তরুণ নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। ইলিয়াস আলীসহ বহু নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এত নির্যাতনের পরও আমরা মাথা নত করিনি। লড়াই চালিয়ে গেছি। আমরা সবসময় আছি, কাছেই আছি, দলের সঙ্গেই আছি এবং আমৃত্যু দলের সঙ্গে থাকব।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা সেদিন আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে, পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করে হত্যা চালিয়েছে। আমাদের ভালো করে সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানেই আমাদের সাফল্য।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা সবাই তারেক রহমানের ওপরে খুব আশাবাদী। তিনি আসার পরেই মানুষের মধ্যে যেভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, আশা জাগিয়ে চলেছেন… এসে নেমেই বললেন ‘আই হেভ এ প্ল্যান।’
তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান যেরকম একটা কর্মযজ্ঞ শুরু করেছিলেন, তারই যোগ্য পুত্র তারেক রহমান আজকে আমাদের সেই পথ দেখাচ্ছেন। আসুন আমরা সব অপশক্তিকে পরাজিত করে আমাদের নেতা তারেক রহমানকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যাই।
আলোচনা সভার শুরুতে দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।