‘সাওদাকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে শাহরিয়ার কবির উল্লেখ করেন, ‘সাওদাকে ভোরের আলো (ফোটার) আগেই মুক্তি দিন, না দিলে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি দিব ইনশাআল্লাহ।’
এর আগে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, ‘১৪০০ শহীদ ও ৩০ হাজার আহতের রক্ত দিয়ে যদি স্বাধীনভাবে কথাই বলতে না পারা (যায়) অর্থ জুলাইকে কবর।’
রোববার (৫ এপ্রিল) রাত রাত ১১টার দিকে নিজ বাসা থেকে জামায়াতের ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ।
এই ঘটনা ইঙ্গিত করে ফেসবুকে শাহরিয়ার কবির লিখেন, ‘এক সাওদার লিখনীতে কেঁপে উঠল ক্ষমতার মসনদ। সহ্য করতে পারলেন না। জুলাই জেগে উঠুন। আজাদি।’
বিবি সাওদাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গ্রেপ্তার করা হয় বলে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখার উপপরিদর্শক (এসআই) জুয়েল হোসেন খানের দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিজের ফেসবুক আইডি থেকে বিবি সাওদা সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্ট করেছেন।