logo

আমাকে কার্যালয়ে দেখতে চাইলে রাস্তা বন্ধ করা যাবে না: তারেক রহমান

আমাকে কার্যালয়ে দেখতে চাইলে রাস্তা বন্ধ করা যাবে না: তারেক রহমান

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো উপস্থিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর তিনি সেখানে পৌঁছান।

এ সময় কার্যালয়ের ভেতরে মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বাইরে অবস্থানরত কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে, সবকিছু যেন স্বাভাবিক থাকে। আমি অফিসে আরও আসব, তবে রাস্তা বন্ধ করা যাবে না। মানুষের চলাফেরা বাধাগ্রস্ত করা যাবে না।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে দ্রুত সড়ক ফাঁকা করে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দলীয় কার্যালয়ে এলে সাংগঠনিক কাজ করা যাবে এবং নেতাকর্মীদের সঙ্গে দেখা করা সম্ভব হবে।

‘আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারব, না থাকলে পারব না,’ বলেন তিনি।

নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে, আইনশৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, দেশে নানা সমস্যা রয়েছে—এসব বিষয়ে মানুষকে বোঝাতে হবে এবং তাদের ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে।

উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি। এদিন দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়।