logo

ক্রসফায়ারের বিষয়ে আইজিপির বক্তব্য উদ্বেগজনক: ইসলামী আন্দোলন

ক্রসফায়ারের বিষয়ে আইজিপির বক্তব্য উদ্বেগজনক: ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি: উইকিপিডিয়া

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব’-এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তার মতে, আইজিপির এমন বক্তব্য উদ্বেগজনক। তার এই বক্তব্য পতিত ফ্যাসিস্ট আমলের পুলিশের স্মৃতি মনে করিয়ে দেয়।

সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, আমরা বিশ্বাস করতে চাই, আলী হোসেন ফকির হালকা মেজাজে এই মন্তব্য করেছেন; যদিও এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে হালকা মেজাজে মন্তব্য করা যায় না।

গাজী আতাউর রহমান বলেন, ক্রসফায়ার সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য হলো, পুলিশের ওপরে অপরাধী চক্রের গুলিবর্ষণের জবাবে পুলিশের পাল্টা গুলিবর্ষণ এবং উভয়পক্ষের গুলিবর্ষণের মধ্যে পরে কথিত অপরাধীর মৃত্যু। বাস্তবতা ভিন্ন হলেও পুলিশ সব সময়েই এভাবে বলে এসেছে। আজকে আইজিপি যেভাবে ক্রসফায়ারে দেওয়ার কথা বলেছেন তাতে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া হলো যে, পুলিশই নির্দিষ্ট করে গুলি করে হত্যা করাকে ক্রসফায়ার বলে।

আশঙ্কার বিষয় হলো, আইন-আদালত বহির্ভূত এবং সব অর্থে মানবাধিকারের বিপরীতে একটা কাজ করবে বলে পুলিশ প্রধান প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন।

সরকার চাইলেও জনগণের টাকায় পরিচালিত পুলিশ বাহিনী এরকম মানবতাবিরোধী কাজ করতে পারে না জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, আইন, স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সরকারের আদেশ মানার প্রবণতাই পতিত ফ্যাসিস্ট আমলে দেশকে দুর্বিষহ করে তুলেছিল। গণ-অভ্যুত্থানের পরেও পুলিশের একই ধরনের মনোভাব গ্রহণযোগ্য নয়।