logo

এনসিপির ‘সুপার সিক্স’-এ আসছে পরিবর্তন

এনসিপির ‘সুপার সিক্স’-এ আসছে পরিবর্তন
ওপরে বাঁ থেকে নাহিদ ইসলাম, আখতার হোসেন ও নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নিচে বাঁ থেকে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি পুনর্গঠিত হচ্ছে। দু-এক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দলে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে শীর্ষ দুই পদে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন বহাল থাকছেন।

এনসিপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) কিংবা আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হবে।

দলের কেন্দ্রীয় নেতারা জানান, পরিবর্তিত কমিটিতেও আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন থাকছেন। কমিটির এই পুনর্গঠনের পেছনে সংশ্লিষ্ট নেতাদের দক্ষতা (পারফরম্যান্স) বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুনর্গঠিত কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদ পাচ্ছেন; আর সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে।

বর্তমানে এনসিপিতে ১১টি শীর্ষ পদ দলটির নেতৃত্বের ‘সুপার ইলেভেন’ হিসেবে পরিচিত। পুনর্গঠনের পর তা ‘সুপার সিক্সে’ রূপ নেবে বলে দলটির নেতারা জানিয়েছেন।

এর আগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। ওই দিন থেকেই দলের মুখ্য সমন্বয়ক পদে পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস দায়িত্ব পালন করে আসছেন।

এদিকে ২০২৪ সালের ৮আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হলে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তাই শুরু দলে থাকার সুযোগ পাননি তিনি। ১০ মাস পর ২০২৫ সালের ২৯ ডিসেম্বর এনসিপিতে যোগ দিয়ে দলের মুখপাত্রের দায়িত্ব পান তিনি।

এনসিপির দলীয় সূত্র জানায়, এবারের কমিটির পুনর্গঠনের মূল লক্ষ্য হচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অধিকতর গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেওয়া। গত জাতীয় নির্বাচনে এবং সাম্প্রতিক নানা রাজনৈতিক ইস্যুতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় তাদের এসব পদে দেখা যেতে পারে বলে জানায় সূত্র।

কমিটিতে পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এ বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে।’

শীর্ষ ফোরামে যারা থাকছেন

দলের কমিটি পুনর্গঠনের বিষয়ে এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানান, বর্তমানে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সংখ্যা ১৬। দলের আহ্বায়ক-সদস্য সচিব পদাধিকারবলে এই ফোরামের সদস্য৷ তাদের দুজনের সঙ্গে পুনর্গঠিত কমিটিতে পাটওয়ারী, হাসনাত, সারজিস ও আসিফ শীর্ষ পদে থাকছেন।

পর্ষদের অন্য ১০ সদস্যকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা হলেন আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম৷

বর্তমান সংসদে এনসিপির আটজন সদস্য প্রতিনিধিত্ব করছেন। তারা হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন, আতিকুর রহমান, হান্নান মাসউদ, মাহমুদা আলম ও নুসরাত তাবাসসুম। এর মধ্যে মাহমুদা ও নুসরাত সংরক্ষিত নারী আসনের সদস্য।

এনসিপি সূত্র জানায়, দলের যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। তারা মূলত সহযোগী সংগঠন ও দলের বিভিন্ন সেল দেখভাল করবেন।

সূত্র: প্রথম আলো