সন্ধ্যায় যমুনায় যাচ্ছেন জামায়াত আমির

জোটের সঙ্গে টানাপোড়েনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সপরিবারে যমুনায় গিয়ে ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর শনিবার প্রধান উপদেষ্টাকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।
একইসঙ্গে জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করা হয়।