‘হিন্দু-মুসলিমের হাজার বছরের সম্প্রীতি নষ্ট করতে সক্রিয় একটি মহল’

বাংলাদেশের হিন্দু-মুসলিমের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি মহল সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘দেশে রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই।’
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রসঙ্গ টেনে রুহুল কবীর রিজভী বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি ও অপপ্রচারের অপচেষ্টা হতে পারে। তবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন পূর্ণ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের প্রতিটি মন্দিরে সজাগ দৃষ্টি রাখবেন।’
দেশে গণতান্ত্রিক পরিবেশ ও আন্দোলনের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, ‘অযৌক্তিক আন্দোলন করার পরও বিএনপি সরকার কাউকে গ্রেপ্তার করেনি। গণতান্ত্রিক পরিবেশে আন্দোলন হতে পারে, তবে সেই আন্দোলনের মূল উদ্দেশ্য কী, তা গভীরভাবে বিবেচনা করতে হবে।’
ঐতিহাসিক ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের বিষয়ে আলোকপাত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তরুণেরা রাজপথে নেমে ১৭ বছরের অন্যায়, অনিয়ম ও নির্যাতন-নিপীড়নের অবসান ঘটিয়েছেন। তৎকালীন শাসনামলে পুরো দেশবাসীর মনে গভীর হতাশা তৈরি হয়েছিল। তবে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশে আবারও আশার আলো জ্বলে উঠেছে। সেই অর্জিত শান্তি ও গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।’
শিক্ষাঙ্গণ ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির রিজভী বলেন, ‘নতুন শিক্ষার্থীদের আগমনে কলেজের মূল ক্যাম্পাস প্রাণবন্ত ও মুখরিত হয়ে উঠবে।’
মেধা চর্চা ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারীকরণের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে পড়াশোনার কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দিতে হলে বর্তমান প্রজন্মকে সব দিক থেকে যোগ্য হয়ে উঠতে হবে।’
জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. জাহিদ, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, যুবদল নেতা তানভীর আহমেদ সানু মোল্লা এবং ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম নিরব প্রমুখ উপস্থিত ছিলেন।
