logo

৩ বছরের জন্য জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যারা

৩ বছরের জন্য জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যারা

আগামী তিন বছর মেয়াদের (২০২৬-২৮) জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতারা নির্বাচিত করেছে দলটি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৮ মেয়াদের জন্য নায়েবে আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও আ ন ম শামসুল ইসলাম। এ ছাড়া মিয়া গোলাম পরওয়ার পুনরায় সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।

সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এটিএম মা’ছুম, রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, মুযাহিদুল হোসাইন হেলাল, মুহাম্মদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

নতুন মেয়াদের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। কেন্দ্রীয় মজলিশে শুরায় জাতীয় পর্যায়ে নির্বাচিত সদস্য রয়েছেন ৫৯ জন, যার মধ্যে নারী সদস্য ১৭ জন। পাশাপাশি ৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।

এছাড়া সারা দেশে ১৪টি অঞ্চলে নিম্নোক্ত দায়িত্বশীলদের অঞ্চল পরিচালক মনোনীত করা হয়—রংপুর-দিনাজপুর অঞ্চল: মাওলানা আবদুল হালিম, বগুড়া অঞ্চল: এটিএম আজহারুল ইসলাম এমপি, রাজশাহী অঞ্চল: মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কুষ্টিয়া-যশোর অঞ্চল: মোবারক হোসাইন, খুলনা অঞ্চল: অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, বরিশাল অঞ্চল: অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহ অঞ্চল: অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী অঞ্চল: মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তর অঞ্চল: সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা দক্ষিণ অঞ্চল: আবদুর রব, ফরিদপুর অঞ্চল: ড. হামিদুর রহমান আযাদ, সিলেট অঞ্চল: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল: মাওলানা এটিএম মা’ছুম ও চট্টগ্রাম অঞ্চল: মাওলানা মুহাম্মাদ শাহজাহান।

এদিকে গত বছর জামায়াতে ইসলামীর আমির হিসেবে ২০২৬-২৮ সেশনের জন্য পুনরায় নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। এই নিয়ে টানা তৃতীয়বারের জন্য আমিরের দায়িত্ব পান তিনি।