logo
Advertisement

‘জুলাই শক্তির ওপর হামলার চেষ্টা হলে, দাঁতভাঙা জবাব দেওয়া হবে’

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
‘জুলাই শক্তির ওপর হামলার চেষ্টা হলে, দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এসডিএফ নেতারা। ছবি সৌজন্যে: এসডিএফ

রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) নবনির্বাচিত সভাপতি আ ন ম আয়াস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত কিংবা কোনো জুলাই যোদ্ধার ওপর নিষিদ্ধ লীগ হামলার চেষ্টা করলে, বাংলাদেশের যে-কোনো জায়গায় তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রংপুরে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। সম্প্রতি শহীদ আবু আবু সাঈদকে সংগঠনটির আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়।

এসডিএফ সভাপতি বলেন, আমাদের প্রত্যাশা— জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্যক্রম শুরু করা হোক। একইসঙ্গে সরকারের প্রতি আমাদের দাবি— শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসাসহ সব ধরনের সুযোগ-সুবিধা সরকারকে নিশ্চিত করতে হবে।

আ ন ম আয়াস বলেন, সরকারকে মনে রাখতে হবে, প্রায় দুই হাজার শহীদ পরিবার এবং ৩০ হাজারের অধিক আহত ভাই-বোনের আত্মত্যাগের বিনিময়েই আজকের এই পরিবর্তন সম্ভব হয়েছে। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং তাদের স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।

এসময় রাষ্ট্রসংলাপ ফোরামের নেতারা জানায়, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন প্রেরণার উৎস। জুলাই গণ-অভ্যুত্থানে যেসব ভাই ও বোন শহীদ হয়েছেন, তারা যে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চেয়েছিলেন, সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) কাজ করে যাবে।

শহীদ আবু সাঈদের কবরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজি, সহ-মুখপাত্র শারমিন আক্তার, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. বেল্লাল হোসেন, কেন্দ্রীয় সংগঠক মারিয়ম মোকাদ্দাস মিস্টি, আব্দুল আউয়াল রিদয় এবং শহীদ আবু সাঈদের বড় ভাই জনাব আবু হোসাইন, প্রভাষক জাকারিয়া, অ্যাডভোকেট ছমির উদ্দিন সরকার, মো. লুৎফর রহমান বকসিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় এসডিএফের নেতারা।