ক্যাম্পাসে সন্ত্রাস ফিরে আসা হতাশাজনক: গাজী আতাউর রহমান

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির আগেই ক্যাম্পাস উত্তপ্ত হওয়া ও সন্ত্রাস ফিরে আসা হতাশাজনক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বৃহস্পতিবার (৬ জুলাই) ভোলার চরফ্যাশন টাউন হলে জেলা উত্তর ও দক্ষিণ ইসলামী আন্দোলনের শুরার অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদের সবচেয়ে সহিংস দিক ছিল ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাস ও আধিপত্য বিস্তার। তারা ক্যাম্পাসগুলোতে নিজ দলের বাইরে কারও অস্তিত্বও স্বীকার করতে চাইত না। নির্মম মারধর করে এমনকি কোনো কোনো ক্ষেত্রে পিটিয়ে হত্যা করার মতো বর্বরতাও তারা করেছিল।
তার মতে, চব্বিশের জুলাই আগস্টে যে তারুণ্যের বিস্ফোরণ ঘটেছিল, এর অন্যতম প্রধান কারণ ছিল ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাস।
গত কয়েক দিনে দুটি ছাত্র সংগঠনের আধিপত্য বিস্তারের লড়াইয়ে ক্যাম্পাস আবারও উত্তপ্ত হয়েছে জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, ক্যাম্পাসে আবারও সন্ত্রাস ফিরে এসেছে।
ক্যাম্পাসে আধিপত্য বিস্তারে হানাহানির উদ্বেগ প্রকাশ এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ইসলামী আন্দোলন।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, যারা ক্যাম্পাসে দলীয় আধিপত্য বিস্তার করতে গিয়ে পড়াশোনার পরিবেশ নষ্ট করছেন, তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পুরোনো বন্দোবস্তের সন্ত্রাস নির্ভর রাজনীতির চর্চা যারা করছেন, তাদেরকে জাতি অপরাধী হিসেবে চিহ্নিত করবে।
মাওলানা গাজী আতাউর রহমান জ্বালানির মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনজীবনে নিরাপত্তার বিষয় তুলে বলেন, এই বিষয়গুলোর সমাধান করতেই হবে। সরকারকে তার কাজে দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিতে হবে। অন্যথায় জনমত আপনাদের বিপক্ষে যেতে সময় লাগবে না।
.png)


