জামায়াত আমিরের পোস্ট সত্যি হলে ধিক্কার জানাই : মাহদী আমিন

বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জামায়াতে ইসলামীর আমিরের ‘এক্স’ অ্যাকাউন্টের পোস্ট সত্যি হলে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সমঅধিকারের পক্ষে।
রাজধানীর গুলশানে রোববার (১ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে নারীদের উদ্দেশে যা লিখেছেন, তা যদি সত্যি হয় এবং একটি রাজনৈতিক দলের বিশ্বাস হয়ে থাকে, তবে এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।
তিনি বলেন, শনিবার বিকেল ৫টার দিকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জামায়াত নেতারা জানতে পেরেছেন। যদি তাই হয়, তাহলে এই দীর্ঘ সময় তারা কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি এবং কেন প্রায় ১২ ঘণ্টা পরে জিডি করতে হলো, যখন সারা দেশের মানুষ সংক্ষুব্ধ হয়েছে? এই বিলম্বের কি কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে?
বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, হ্যাক হওয়ার কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিটাই বা কতটা বিশ্বাসযোগ্য? এই প্রশ্নগুলো জনমনে ঘুরছে। মানুষ প্রশ্নগুলোর উত্তর যৌক্তিকভাবে জানতে চায়।
মাহদী আমিন বলেন, বিএনপি সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সমঅধিকারের পক্ষে। এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি নারীবিদ্বেষের বহিঃপ্রকাশ। জামায়াত আমিরের এই পোস্ট যদি সত্যি হয়ে থাকে, তবে আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
তিনি অভিযোগ করে বলেন, আমাদের (বিএনপি) যারা নারী প্রার্থী রয়েছেন এবং নির্বাচনি প্রচারণে আমাদের যেসব মা ও বোনেরা রয়েছেন, তাদেরকেও অনলাইন ও অফলাইনে সমানভাবে নানাভাবে হেনস্তা করা হচ্ছে।