logo
Advertisement

অচেতন অবস্থায় উদ্ধার নিখোঁজ শিবির নেতা জিসান

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
অচেতন অবস্থায় উদ্ধার নিখোঁজ শিবির নেতা জিসান
জিসান আহম্মেদ প্রধান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধানকে নিখোঁজ হওয়ার এক দিন পর কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Advertisement

শুক্রবার (১২ জুন) বিষয়টি রাত ১০টা ২০ মিনিটে এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামরুন্নাহার লাকী।

জিসান আহম্মেদ লাকসাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও কুমিল্লা টাওয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার সন্ধান পাননি।

এ ঘটনায় শুক্রবার সকালে দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহমেদ রাফি।

শুক্রবার রাতে খবর পাওয়া যায়, জিসান আহম্মেদ প্রধানকে লাকসাম জংশন এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে দ্রুত লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার চিকিৎসা শুরু হয়।

তবে কীভাবে তিনি সেখানে পৌঁছেছেন, নিখোঁজ থাকার সময়ে তার সঙ্গে কী ঘটেছে কিংবা কোনো অপরাধমূলক ঘটনার শিকার হয়েছেন কি না—এসব বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামরুন্নাহার লাকী জানিয়েছেন, জিসানের নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে উদ্ধারের ঘটনাটি পরে অবগত করব। আপাতত হাসপাতালে চিকিৎসা চলছে।