আবু সাঈদের রক্তের দায় এখনও শোধ হয়নি: চরমোনাই পীর

শহীদ আবু সাঈদের রক্ত জাতির ওপরে বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছিল। কিন্তু তার শাহাদাতের দুই বছর অতিক্রান্ত হলেও তার রক্তের দায় শোধ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ বার্তায় এ মন্তব্য করেন তিনি।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, চব্বিশের জুলাইয়ের এই দিনে পুলিশের বুলেটের সামনে আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছিল, তখন তিনি বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন। সব ধরনের অনিয়ম ও স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপের জন্য বুক পেতেছিলেন।
আবু সাঈদ শহীদ হওয়ার দুই বছর অতিক্রান্ত হলেও সংস্কারের কিছুই হয়নি মন্তব্য করে তিনি বলেন, পতিত স্বৈরাচারের বিচার হয়নি। সবচেয়ে আফসোসের বিষয় হলো, জুলাই সনদ বাস্তবায়নে গৃহীত গণভোটের রায়কে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে। আজকের এই দিনে সবাই মিলে জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের প্রতিজ্ঞা করতে হবে।
তার মতে, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হলেই আবু সাঈদসহ সব শহীদের রক্তের দায় শোধ করা হবে; অন্যথায় জাতি হিসেবে সব বিশ্বাসঘাতকতার পাপে দায়বদ্ধ হতে হবে।
ইসলামী আন্দোলন জুলাই গণ-অভ্যুত্থানে দলীয় ব্যানারেই লড়াই করেছে এবং জুলাইয়ের প্রত্যাশা পূরণে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানান তিনি।
তিনি আবু সাঈদসহ জুলাইয়ের সব শহীদের মাগফিরাত এবং জান্নাতে তাদের উঁচু মর্যাদা কামনা করেন। তিনি শোকাহত শহীদ পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।





