ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করতে হবে: শিশির মনির

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা বাতিল চেয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিভায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি ইসির প্রতি এ আহ্বান জানান।
শিশির মনির লিখেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করার সিদ্ধান্ত বাতিল/সংশোধন করুন। অন্যথায় নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হবে।
এর আগে, নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা এক পরিপত্রে বলা হয়, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কেবল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এই তালিকায় রয়েছেন প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশনায় বলা হয়েছে।