খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতের উদ্বেগ

খুলনা মহানগরী ও জেলায় সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, সাম্প্রতিক সময়ে খুলনা অঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দায়িত্বশীল সংস্থাগুলোর যথাযথ পদক্ষেপের অভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে তিনি মন্তব্য করেন।
জামায়াত নেতা বিবৃতিতে আরও উল্লেখ করেন, গত ২৪ নভেম্বর খুলনা মহানগরীর সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকাসহ সাতটি স্থানে গুলির ঘটনা ঘটে এবং দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় একজন নিহত হন। বিবৃতিতে তিনি হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং ঘটনাগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে খুলনায় গুলিতে ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন এবং অন্তত ১৩ বার গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত মহানগরীতে ৩৯টি ও জেলায় ৪০টিসহ মোট ৭৯টি হত্যাকাণ্ডের তথ্য বিবৃতিতে তুলে ধরা হয়, যার মধ্যে গত ৫ নভেম্বর ডুমুরিয়া উপজেলায় গুলিতে একজনের নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বর্তমান সরকারের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। দলীয়করণ, দখলবাজি ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছেন বলে দাবি করে তিনি প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর দাবি জানানো হয় বিবৃতিতে।


