বিএনপি ৭০ শতাংশ মানুষের মতামতকে অশ্রদ্ধা দেখিয়েছে: সেলিম উদ্দিন

গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতকে অশ্রদ্ধা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সম্প্রতি এশিয়া পোস্টের 'আলাপন' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পৃথিবীর ইতিহাসে গণভোটের রায় না মানার কোনো দৃষ্টান্ত নেই। গণভোটের প্রশ্নে বিএনপি যে অবস্থান নিয়েছে, তা জনগণের রায়কে অশ্রদ্ধা জানানোর শামিল। জুলাই সনদের অঙ্গীকার ভুলে গিয়ে একতরফা সিদ্ধান্ত নিলে তা জাতির সামনে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে কিছু অশুভ শক্তি কাজ করছে, যারা সংস্কার ও বিচারের গতিকে মন্থর করে দেওয়ার চেষ্টা করছে।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত একটি ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা চায়, যেখানে জনগণের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। গণভোটের রায় বাস্তবায়ন না করা ভোটারদের সঙ্গে এক ধরনের প্রতারণা।
তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। বিএনপি সরকারি দল হিসেবে তাদের দায়িত্ব পালন করছে, আর জামায়াত বিরোধী দল হিসেবে জনস্বার্থ রক্ষার ভূমিকা পালন করছে।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, এনসিপির মতো নতুন রাজনৈতিক দলগুলো জামায়াতের ওপর আস্থা রেখে জোটে আসছে। কারণ তারা জানে, জামায়াত কারও সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না।




