বাস্তবায়নযোগ্য নয়, সবাইকে খুশি করার বাজেট: জিএম কাদের

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি সবাইকে খুশি করার বাজেট বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তবে এই বাজেটের বিশাল অর্থ কোথা থেকে আসবে, তা নিয়ে সংশয় প্রকাশ করে একে বাস্তবায়ন অযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি।
সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল ইসলাম মিলনায়তনে প্রস্তাবিত বাজেটের ওপর দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, বাজেটে যে যা চেয়েছে, তা-ই দেওয়া হয়েছে। জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা আছে এতে। কিন্তু এই বিপুল অর্থের সংস্থান সরকার কোথা থেকে করবে, তা তারা নিজেরাও হয়তো বলতে পারবে না।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, মানুষ স্বস্তিতে নেই, অর্থনৈতিক মন্দা চলছে এবং বেকারত্ব বাড়ছে। বিশ্বজুড়ে চলমান ইরান যুদ্ধ ও দেশের বর্তমান সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো অসম্ভব।
ফলে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জন করা সম্ভব নয়। ব্যবসাবান্ধব পরিবেশ না থাকায় ইতিমধ্যে প্রায় ৪০০ কলকারখানা বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
বাজেট ঘাটতি প্রসঙ্গে প্রবীণ এই রাজনীতিক বলেন, ঘাটতি পূরণ করতে সরকারকে দেশি-বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে। অতিরিক্ত ঋণনির্ভর এই বাজেট শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে না।
