logo
Advertisement

সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন দেখতে চায় হেফাজতে ইসলাম

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন দেখতে চায় হেফাজতে ইসলাম
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি: উইকিপিডিয়া

জাতীয় সংসদে উত্থাপিত ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এ বিদ্যমান মুসলিম পারিবারিক ও সামাজিক বিধিব্যবস্থার কোনো ব্যত্যয় না ঘটানোর আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানান সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, বৃদ্ধ বয়সে বাবা-মায়ের নিরাপত্তা, সুচিকিৎসা ও সম্মানজনক জীবিকা নিশ্চিত করা প্রতিটি সন্তানের ঈমানি ও নৈতিক দায়িত্ব। ইসলাম বাবা-মায়ের অধিকার আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই জ্যেষ্ঠ নাগরিকদের সুরক্ষায় যেকোনো ইতিবাচক পদক্ষেপ প্রশংসনীয়।

তবে সম্পত্তি হস্তান্তরের নতুন কোনো পদ্ধতি বা ধারা যেন ইসলামী উত্তরাধিকার ও হেবার বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।

হেফাজত নেতারা বলেন, মুসলমানদের সম্পত্তি বণ্টন, হেবা ও মালিকানা হস্তান্তরের বিষয়টি শরিয়াহভিত্তিক ফারায়েজ আইনের সঙ্গে সম্পৃক্ত। সরকারের পক্ষ থেকে এটিকে সাধারণ হস্তান্তর পদ্ধতি হিসেবে দেখা হলেও বাস্তব প্রয়োগে এটি যেন কোরআন-সুন্নাহ নির্ধারিত উত্তরাধিকার নীতিকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকে নজর রাখা জরুরি।

বিলটি চূড়ান্ত করার আগে দেশের বরেণ্য মুফতি, ফকিহ ও ইসলামী আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, এতে আইনি জটিলতা ও শরিয়াহর সঙ্গে অসঙ্গতি এড়ানো সম্ভব হবে।

বিবৃতিতে আরও বলা হয়, শরিয়াহ বোর্ডের পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধন এনে বিলটিকে এমন আইনি রূপ দেওয়া উচিত, যাতে বাবা-মায়ের অধিকার রক্ষার পাশাপাশি সুন্নাহসম্মত হেবা ও মিরাসের বিধানও নিরাপদ থাকে।