logo

জামিন নিয়ে পোস্ট করলে ‘কড়া সাইজ’ করে রাজনীতি শেখাবেন: গোলাম রাব্বানী

জামিন নিয়ে পোস্ট করলে ‘কড়া সাইজ’ করে রাজনীতি শেখাবেন: গোলাম রাব্বানী

আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে ‘কড়া সাইজ’ করে রাজনীতি শেখানোর আহ্বান জানিয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে রাব্বানী লেখেন, মাথামোটা রাজনীতি করে নিজেদের মানুষদের বিপদে ফেলতে অনেকের জুড়ি মেলা ভার! পলিটিক্যাল এক্টিভিজমের ভালোমন্দ না বুঝে, আপনারা ‘আপডেট নিউজ পোর্টাল’র ভূমিকা নিতে এত উদ্‌গ্রীব কেন! হাজার হাজার ভুয়া মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন না দিয়ে দেড় বছর যাবৎ জেলবন্দি রাখা হইছে। অধিকাংশ ক্ষেত্রে, ন্যূনতম সংশ্লিষ্টতা বা তথ্যপ্রমাণ না থাকায় স্বাভাবিক বিচার কার্যক্রমও শুরু করতে পারছে না।

তিনি লেখেন, দুই শতাধিক নেতাকর্মী ইতোমধ্যেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্মম জেল হত্যার শিকার হলো! অন্যেরাও জেলকোড লঙ্ঘনের দরুন কি মানবেতর জীবনযাপন করছেন, তা কেবল ভুক্তভোগী ও তাদের পরিবার জানেন। এমতাবস্থায় অন্যায় ভুক্তভোগীদের মাঝে বড়জোড় ১-২% দীর্ঘদিন জেল খেটে জামিন পাচ্ছে। অনেকের ৫/৬ বার জামিন করানোর পর ফের নতুন মামলায় জেলগেট থেকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে জেলবন্দি করছে। 

দু-একজন আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন হলে তা ফলাও করে প্রচার করা হচ্ছে অভিযোগ করে রাব্বানী লেখেন, আর আমাদের মাঝে কিছু অত্যুৎসাহী অর্বাচীন কালেভদ্রে হওয়া দু-একটা জামিনের খবর ফলাও করে প্রচার করে এই প্রাপ্য আইনি অধিকার, জামিনের বিরোধিতা করার জন্য বিরোধী গোষ্ঠীকে অনলাইনে রীতিমতো দাওয়াত দিচ্ছে! এরপর থেকে কারও জামিন নিয়ে কাউকে পোস্ট করতে দেখলে সবাই মিলে তাকে ‘কড়া সাইজ’ করে একটু পরিস্থিতি বোঝাবেন, রাজনীতি শেখাবেন।