logo

ভারতকে পুশইন ও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে: সাইফুল হক

ভারতকে পুশইন ও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে: সাইফুল হক
রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে কথা বলেন সাইফুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতি বন্ধুত্বের বার্তা দিতে চাইলে অবিলম্বে ভারতকে পুশইন ও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ভারত এই পর্যন্ত বাংলাদেশের সৎ প্রতিবেশীর পরিচয় দিতে পারেনি। ভারতকে সমতা, ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়সমূহের সমাধানে এগিয়ে আসতে হবে।

রোববার (১৪ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারে পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, বিএনপি সরকারের কথিত অন্তর্ভুক্তিমূলক বাজেটে দেশের প্রধান উৎপাদক শ্রেণি—শ্রমিক-কৃষকদের বিশেষ কোনো জায়গা হয়নি। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল হলেও শ্রমিকদের জন্য জতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের খবর নেই। কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত হয়নি।

ঘাটতি বাজেটের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই বর্তাবে মন্তব্য করে সাইফুল হক বলেন, মূল্যস্ফীতির লাগাম টেনে না ধরতে পারলে প্রবৃদ্ধির কোনো হিসাবই কাজে আসবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিরোধী হিসেবে আখ্যায়িত করে এই চুক্তিকে বাংলাদেশের ওপর এক ধরনের আদেশনামা হিসেবে দেখছেন সাইফুল হক।

তিনি বলেন, এই চুক্তি বহাল থাকলে বাংলাদেশ অপরাপর কোনো দেশের বাণিজ্যিক সহযোগিতাসহ স্বাধীনভাবে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারবে না। সংসদের চলতি অধিবেশনে আলোচনা করে এই অন্যায় চুক্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজকে যেমন প্রশংসা করবে, তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে।

সাইফুল হকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা আকবর খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার, বাবর চৌধুরী প্রমুখ।