ইতিবাচক রাজনীতির সূচনা করায় তারেক রহমানকে ধন্যবাদ: সারজিস

ইতিবাচক রাজনীতির সূচনা করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি ধন্যবাদ জানান।
পোস্টে সারজিস লিখেছেন, ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।
পুরোনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরেছেন সারজিস আলম।