logo

ফের ১১ দলীয় জোট ঘোষণা জামায়াতের, যুক্ত হলো লেবার পার্টি

ফের ১১ দলীয় জোট ঘোষণা জামায়াতের, যুক্ত হলো লেবার পার্টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। নতুন এই সংযোজনের মধ্য দিয়ে জামায়াতের জোটটি ফের ১১ দলীয় জোটে পরিণত হলো।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি ন্যায় ও ইনসাফভিত্তিক এবং আধিপত্যবিরোধী বাংলাদেশ গড়তে চায়। এই লক্ষ্য বাস্তবায়নে তারা সম্মিলিত রাজনৈতিক উদ্যোগে বিশ্বাসী। সেই লক্ষ্যেই আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ লেবার পার্টি জোটে যুক্ত হয়েছে। এর ফলে আমাদের রাজনৈতিক জোটটি এখন ১১ দলীয় জোটে রূপ নিয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, ১০ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের যুক্ত করা হয়েছে। দলটি যোগ দেওয়ায় ১০ দলীয় নির্বাচনি ঐক্য ১১ দলে পরিণত হয়েছে। এটি একটি বিরাট সৌভাগ্যের বিষয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা ইনসাফের বাংলাদেশ গড়ার কর্মী হিসেবে ১১ দলীয় জোটে যুক্ত হয়েছি।

তিনি বলেন, আমরা একটি অর্থবহ পরিবর্তন চাই। যে পরিবর্তনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। আজ থেকে আমরা নতুনভাবে পথচলা শুরু করছি।

বিএনপির যুগপৎ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি। কিন্তু নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় আগেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানিয়েছিল দলটি।