হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকবে জামায়াত

হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনে সেগুলো সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ কথা জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন গোলাম পরোয়ার।
তিনি বলেন, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনেছেন জামায়াত আমির এবং এসব সমস্যা সমাধানে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারী নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, পূজা উদ্যাপন ফ্রন্ট, জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টসহ আরও বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতৃবৃন্দ অংশ নেন।
গোলাম পরোয়ার বলেন, একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, বরং বিরোধীদলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান তার সাংবিধানিক দায়িত্বের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। বাংলাদেশের সব ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলা সরকারের যেমন দায়িত্ব, তেমনি বিরোধীদলীয় নেতারও সাংবিধানিক কর্তব্য রয়েছে। জামায়াত আমির তার এই দায়িত্বের কথা স্মরণ করেছেন এবং এ বিষয়ে তিনি যতটুকু ভূমিকা পালন করেন, সেটিও উপস্থিত নেতাদের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে, বিশেষ করে ৫ আগস্টের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান, পূজা ও মন্দির রক্ষায় জামায়াতে ইসলামীর কর্মীদের সাহসী এবং দিনরাত নিরবচ্ছিন্ন ভূমিকার প্রশংসা করেছেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা।
তিনি আরও বলেন, এই মতবিনিময় সভায় নেতারা বিভিন্ন জায়গায় কিছু বৈষম্য, বঞ্চনা, অসুবিধা, দুঃখ-কষ্ট ও ডিসক্রিমিনেশনের কথা উল্লেখ করেছেন। তারা সহযোগিতা চেয়েছেন। সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থেকে এসব সমস্যার সমাধান করবে বলে আশ্বাস দিয়েছেন আমাদের নেতা।
