logo

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জন করুন: চরমোনাই পীর

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জন করুন: চরমোনাই পীর
ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত জাতীয় শ্রমিক কাউন্সিলে বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। ছবি: মিডিয়া সেল

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত জাতীয় শ্রমিক কাউন্সিলে এ আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকারই এসব লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। কোনো সরকারই শ্রমিকবান্ধব অর্থনৈতিক ব্যবস্থা ও শ্রমব্যবস্থা গড়ে তোলেনি। শ্রমিকদের কাঙ্ক্ষিত মুক্তি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমব্যবস্থা গড়ে তুলতে হবে।

ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের নির্বাচনে প্রার্থী হওয়ার পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তার দাবি, অটোরিকশাচালকদের ওপর জুলুম-নির্যাতন না করে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে তাদের সুশৃঙ্খলভাবে যানবাহন চালানোর সুযোগ করে দিতে হবে। শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা ও অধিকার রক্ষা করে একটি সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তার মতে, শ্রমিকদের মুক্তি, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন গতানুগতিক শ্রমিক সংগঠনগুলোর মতো নয়। অন্যত্র চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকলেও ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের আদর্শিকভাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দেশে চাঁদাবাজি বন্ধ করে দ্রুত শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রেসিডিয়াম সদস্য মাওলান মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, দেশব্যাপী ব্যাপক চাঁদাবাজির কারণে সরকারের প্রতি মানুষের তিক্ততা তৈরি হয়েছে। অবিলম্বে এসব সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় সরকারও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে।