হাম মহামারির আকার ধারণের আগেই ব্যবস্থার আহ্বান এনএইচএর

দেশব্যাপী হামের প্রকোপ ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টিপন্থি চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ)। রোগটি মহামারির আকার ধারণ করার আগেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৩০ মার্চ) এনএইচএর আহ্বায়ক অধ্যাপক ডা. শাদরুল আলম চৌধুরী ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এই উদ্বেগ জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে এনএইচএ নেতারা বলেন, ‘বিগত মার্চ মাসে অন্তত ২১ শিশুর মৃত্যু সংবাদ আমাদের হৃদয়কে ব্যথিত করেছে। এ ঘটনা আমাদের স্বাস্থ্য খাতের বেহাল দশা সবার সামনে উন্মুক্ত করেছে।’
তারা জানান, ‘হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শিশুদের রুহের মাগফিরাত কামনা করছি এবং দেশবাসীকে হামের ব্যাপারে সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে এনএইচএ নেতারা বলেন, হাম মারাত্মক সংক্রামক রোগ। হামে উচ্চ তাপমাত্রার জ্বরের সঙ্গে কাশি, সর্দি এবং চোখ লাল হয়ে যায়। জ্বরের দুই-তিন দিন পর গালের ভেতরের দিকে ছোট ছোট সাদা দাগ দেখা দিতে পারে। তারপর ধীরে ধীরে সারা গায়ে লাল চাকা (র্যাশ) দেখা দিতে পারে।
সতর্কতার জন্য তারা আরও উল্লেখ করেন, একজন হামের রোগী থেকে গড়ে ১২-১৮ জন সুস্থ মানুষের সংক্রমণ হতে পারে। এই সংক্রামক হাম রোগকে নিয়ন্ত্রণে রাখতে হলে সমাজের অন্তত ৯৩ শতাংশের বেশি মানুষকে টিকার আওতায় আনা প্রয়োজন। সঠিক চিকিৎসা না করতে পারলে কোনো কোনো ক্ষেত্রে এ রোগে মৃত্যুর শঙ্কা রয়েছে। এ কারণে হাম মহামারির আকার ধারণ করার আগেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।