logo

সংস্কার বাস্তবায়ন করে ছাড়ব: নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন করে ছাড়ব: নাসীরুদ্দীন

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মৌলিক সংস্কার ও পরিবর্তনের জন্য এ দেশের আপামর জনতাসহ শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছে। কিন্তু বর্তমান সরকার সেই সংস্কারকে ইনিয়েবিনিয়ে দীর্ঘায়িত করছে। সরকার যদি সংস্কার না করে তবে আমরা সেই সংস্কার বাস্তবায়ন করে ছাড়ব।

শনিবার (৭ মার্চ) সীমান্ত স্কয়ারে বিজিবির ব্যাঙ্কুয়েট হলে পুসাবের (প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালাইয়েন্স অব বাংলাদেশ) ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানকে স্মরণ করে বর্তমান সরকারকে দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। 

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায় কার্যকরে ভূমিকা না নিয়ে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে। এটা জনগণের সঙ্গে প্রতারণা। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে, আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দিয়ে জনগণের সঙ্গে তামাশা করলে তার জবাব আমরা দেব।