চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে

সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করতে যুব জমিয়তের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুর রব ইউসুফী।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনের ডা. শামসুল হক মিলন হলে যুব জমিয়ত বাংলাদেশ আয়োজিত নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল রব ইউসুফী বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়তা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের ওপর অটল থাকার মানসিকতা তৈরি করতে হবে। এভাবেই যুব জমিয়ত আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
যুব জমিয়তের প্রতিটি নেতাকর্মীকে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, যোগ্য, অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিদের সান্নিধ্যে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। জ্ঞান, দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক প্রজ্ঞা ও নৈতিক চরিত্র—সব দিক থেকে নিজেদের প্রস্তুত করতে হবে। আগামী দিনের নেতৃত্বে নিজেকে একজন ‘অলরাউন্ডার’ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, উহুদ যুদ্ধে হজরত জাবির (রা.)-এর আত্মত্যাগ ও দায়িত্ববোধ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সংগঠন ও দ্বীনের প্রয়োজনে এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদনের মানসিকতা তৈরি করতে হবে। নেতৃত্ব শুধু পদ-পদবীর বিষয় নয়; নেতৃত্ব হচ্ছে দায়িত্ব গ্রহণ, ত্যাগ স্বীকার এবং কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।
যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা মুফতি ইসহাক কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, হাফেজ মাওলানা তাফহীমুল হক এবং যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা।



