logo

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: জাইমা রহমান

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: জাইমা রহমান

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাইমা রহমান বলেন, নারীদের জন্য রাজনৈতিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক প্রবেশাধিকার, আর্থিক সহায়তা ও নির্বাচনি  সুযোগের প্রয়োজন রয়েছে। নারীরা যদি নীতিনির্ধারণী পর্যায়ে না থাকে, তাহলে তাদের বাস্তব সমস্যাগুলো যথাযথভাবে প্রতিফলিত হবে না।

তিনি বলেন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণে নানা ধরনের বাধা রয়েছে। কর্মসংস্থান, সামাজিক কাঠামো, পারিবারিক দায়িত্ব এবং বিয়ের মতো বিষয়গুলো নারীদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে।

এসব বাধা দূর করতে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রয়োজন বলে তিনি মত দেন।

ডে-কেয়ার সেন্টার প্রসঙ্গে জাইমা রহমান বলেন, কর্মজীবী নারীদের জন্য শুধু একটি আনুষ্ঠানিক ডে-কেয়ার চালু করলেই যথেষ্ট নয়। সেখানে প্রশিক্ষিত জনবল, পর্যাপ্ত জায়গা ও শিশুদের বয়সভিত্তিক সেবা নিশ্চিত করতে হবে। 

তরুণদের মেধা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা অন্যরকম একটা দেশ গড়তে চাই। আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তায় দায়িত্ব নিতে হবে।

 এ ছাড়া উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী, বুদ্ধিজীবী ও তরুণ প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়।