logo

৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকার সমাবেশ বাতিল

৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকার সমাবেশ বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রচারাভিযান শেষ করে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় একটি কেন্দ্রীয় সমাবেশ করার কথা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। তবে উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নির্বাচনি এলাকায় প্রচারণার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ওই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গতকাল আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার পর আগামী ৮ তারিখের কেন্দ্রীয় সভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নির্বাচনি এলাকায় জনসভা ও গণসংযোগে অংশ নেবেন। এসব এলাকায় নির্বাচনি প্রচারণাকে আরও জোরদার করতেই ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার পরিকল্পনা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে।

রিজভী বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও জনসমর্থন আদায় এখন আমাদের প্রধান লক্ষ্য। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।