logo
Advertisement
এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ

বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি বহিষ্কার

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি বহিষ্কার
বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হোসেন ও সাধারণ সম্পাদক আলামিন শান্তকে বহিষ্কার করা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

প্রবাসীর ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুটের ঘটনায় এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হোসেন ও সাধারণ সম্পাদক আলামিন শান্তকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশজাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) শিবলী সাদিক শিবলুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (৩০ আগস্ট) এশিয়া পোস্টে ‘প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ লুট, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন আজ (সোমবার) এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এশিয়া পোস্টের ওই সংবাদে বলা হয়, রাজধানীর বিমানবন্দরে মালয়েশিয়ার এক প্রবাসীকে ‘আওয়ামী লীগের দোসর এবং সাথে বোমা আছে’ বলে তল্লাশির নামে ৪০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আর এ ঘটনাটি বিমানবন্দর থানা বিএনপি ও ছাত্রদল ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) এশিয়া পোস্টের হাতে ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ফুটেজ আসে। পরবর্তীতে ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানা পুলিশ তা অস্বীকার করে এবং আওয়ামী লীগের লোক সন্দেহে বিএনপির লোকজনের সাথে বাকবিতণ্ডা হয়েছে বলে জানায়।

পরবর্তীতে রোববার (৩০ আগস্ট) অনুসন্ধান করে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মো. সুমনের করা মামলার কপি পাওয়া যায়। ওই মামলায় সুমন উল্লেখ করেন, তার বড় ভাই মালয়েশিয়া প্রবাসী। বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান।

পরবর্তীতে সুমন ও তার সহযোগী রোহান চৌধুরী গত শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে বড় ভাইয়ের পরিচিত লোকের কাছ থেকে গ্রহণ করি। তারই ভাড়া করা গাড়িতে উঠেন। এ সময় সুমনের কাছে ১০০ গ্রাম ও রোহানের কাছে ১০০ গ্রাম স্বর্ণ ছিল। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

পরবর্তীতে গাজীপুর-ঢাকা মহাসড়কের বিমানবন্দরে কাওলার এলাকায় গাড়ি থেকে নেমে গেলে আব্দুর রউফ (৪০), রিপন (২৭), আল আমিন শান্ত (২৭) ও রুবেল (৩২) তাদেরকে ঘিরিয়ে ধরে। সেই সাথে ভুক্তভোগী সুমন ও তার সহযোগী রোহানকে বলে, ‘তোরা আওয়ামী লীগ, ছাত্রলীগ করিস’, ‘তোদের সাথে বোমা আছে’। সেই সাথে কিছু বুঝে উঠার আগেই তাদেরকে এলোপাথাড়ি মারধর শুরু করে পথরোধকারীরা।

অতঃপর তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে সাথে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় আশপাশের লোকজন তাদের ডাক চিৎকারে এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, ছিনতাইকারীরা হলেন- বিমানবন্দরের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল আমিন শান্ত ও বিমানবন্দরের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেল।

অনুসন্ধানের আরও জানা যায়, উত্তরা ১ নম্বর সেক্টর থেকে শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ আব্দুর রউফ ও আল আমিন শান্তকে গ্রেপ্তার করে। এ সময় আব্দুর রউফের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৯৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।