logo

সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপি জোটের ৩৬টি মনোনয়নপত্রই বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে বৈধ হয়েছেন স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীও। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

এ সময় সহকারী রিটার্নিং অফিসার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, কোনো দল বা জোটের সমর্থন না থাকায় আলাদাভাবে জমা দেওয়া তিনজনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়েছে।

সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুযায়ী রাজনৈতিক দল ও জোটের মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। জোটের বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র মঙ্গলবার জমা পড়ে। এর মধ্যে বিএনপি জোটের মনোনয়নপত্র জমা দেন ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন, আর স্বতন্ত্র জোটের একজন।

বাছাইয়ের প্রথম দিন বুধবার জামায়াত জোটের ১২ জনের মনোনয়নপত্র বৈধ হলেও শরিক দল এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র ‘আটকে’ গেছে।

বিএনপির বৈধ প্রার্থীরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ এপ্রিল।