নির্বাচনে মিথ্যা বা কুৎসা নয়, কাজের হিসাবই তুলে ধরব: মির্জা আব্বাস

নির্বাচনে মিথ্যা বা কুৎসা নয় বরং নিজের অতীতের কাজের হিসাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোতালেব প্লাজা ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, আমরা সাচ্চা মুসলমান। মিথ্যা কথা বলি না। আমাদের ইমান আছে, আল্লাহর ওপর বিশ্বাস করি। তাই নির্বাচনে কাউকে ছোট করে মিথ্যা কথা বলব না।
তিনি বলেন, এ দেশের মানুষ অনেক কষ্ট, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে। আশা করি, সবাই সততা ও নিষ্ঠার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটকেন্দ্রের পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, ভোটিং সেন্টারে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত উপস্থিত থাকা জরুরি। এতে ভোটের স্বচ্ছতা নিশ্চিত হবে।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের সময় কোনো ধরনের গন্ডগোল বা ঝগড়ায় জড়াবেন না। তবে নির্বাচন-পরবর্তী সময়ে প্রয়োজনে রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার কথাও উল্লেখ করেন তিনি।
সবশেষ মির্জা আব্বাস এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে তাদের সমর্থন ও ভোট কামনা করেন।