logo

মানুষ আর রাজনৈতিক ধোঁকা দেখতে চায় না : জামায়াত আমির

মানুষ আর রাজনৈতিক ধোঁকা দেখতে চায় না : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে জনগণকে যেসব রাজনৈতিক ধোঁকা দেওয়া হয়েছে, ওইসব ধোঁকা আর বাংলাদেশের জনগণ দেখতে চায় না।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১০ দলের সমন্বয়ে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, এক দল ক্ষমতায় আসার আগে ১০ টাকা দরে চাল দেওয়ার কথা বলেছিল। কিন্তু ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেউ ১০ টাকা কেজি দরে চাল কিনতে পারেনি। অতীতে জনগণকে যেসব ধোঁকা দেওয়া হয়েছে, ওই সব ধোঁকা আর বাংলাদেশের জনগণ দেখতে চায় না।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, আধিপত্যবাদমুক্ত, ন্যায় ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আল্লাহতাআলার ইচ্ছায়, তার সাহায্যে, জনগণের ভোটে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী পাঁচ বছর দেশ চালাতে চাই।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা বিভক্তি চাই না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। জামায়াতে ইসলামী সরকার পরিচালনার সুযোগ পেলে অতীতের মতো আর কেউ সরকারি কোষাগার থেকে চুরি করতে পারবে না। যারা জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না।

তিনি আরও বলেন, আমরা জনগণের জন্য যা করব, তা আমাদের পৈতৃক সম্পত্তি থেকে নয়; জনগণের অর্থের ভান্ডার থেকে সততার সঙ্গে আমরা জনগণের জন্য কাজ করব।

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মায়েদের নিরাপদ চলাচল ও কর্মক্ষেত্রে সংকোচহীন পরিবেশ নিশ্চিত করা হবে। নারীদের যোগ্যতা অনুযায়ী সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি যুবকদের বেকারত্ব দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, আমরা যুবকদের বেকার ভাতা দিতে পারব না। বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। বেকার ভাতা দিয়ে বাংলাদেশকে বেকারের ফ্যাক্টরি বানাতে চাই না। আমরা প্রত্যেকটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। শিক্ষার পাট চুকানোর সঙ্গে সঙ্গে শিক্ষিত বেকারদের মর্যাদাপূর্ণ কাজ দিতে চাই। তারা দক্ষ হয়ে দেশকে সেবা দেবে, দক্ষ হয়ে বিদেশে গিয়ে মর্যাদার সঙ্গে আয় উপার্জন করবে।

বগুড়ার স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি শহীদ চান্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনা হবে। এ ছাড়া বগুড়া সিটি করপোরেশন বাস্তবায়ন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।