logo

দুই দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে সরকার: মজিবুর রহমান মঞ্জু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
দুই দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে সরকার: মজিবুর রহমান মঞ্জু
সংবাদ সম্মেলনে কথা বলছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: এশিয়া পোস্ট

গত সাত মাসে দুই দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বাড়ানোর সিদ্ধান্তের মাধ্যমে সরকার জনস্বার্থ উপেক্ষা করে নিজের দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, সংকট মোকাবিলায় বিকল্প পথ না খুঁজে এর দায় সরাসরি জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, জনস্বার্থ ও অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীসহ বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সংকটের প্রভাব সরকার সরাসরি জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার কৌশলগত বা সৃজনশীল কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেনি বলেও অভিযোগ করেন তিনি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশের বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে দীর্ঘ লাইন দেখা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তখন সরকার বারবার জানিয়েছিল দেশে কোনো জ্বালানি সংকট নেই। কিন্তু পরবর্তীতে তেলের দাম বাড়ানোর পর পাম্পগুলোতে সেই দীর্ঘ লাইন আর দেখা যায়নি।

মঞ্জু প্রশ্ন তুলে বলেন, যদি তখন কোনো সংকট না-ই থাকে, তাহলে তেলের পাম্পে দীর্ঘ লাইন কেন হয়েছিল? আবার এখন সেই লাইন নেই কেন? সরকার তো এটাও বলছে না যে তখন কোনো সংকট ছিল না এবং এখন সেই সংকটের সমাধান হয়েছে।

তিনি অভিযোগ করেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকার একটি কৌশল অনুসরণ করছে এবং জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে স্বচ্ছ আচরণ করা হচ্ছে না। জনগণের সঙ্গে এ ধরনের দ্বৈত নীতি কেন—সেই প্রশ্নও রাখেন তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে শুধু পরিবহন খাত নয়; পণ্য পরিবহন ব্যয়, উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়ে। ফলে জ্বালানির মূল্য নির্ধারণের ক্ষেত্রে জনস্বার্থ ও অর্থনীতির সামগ্রিক প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি। জনগণের ওপর একের পর এক মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে না দিয়ে সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।