গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে পদক্ষেপ নিতে হবে: নাহিদ

এশিয়া পোস্ট নিউজ
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে পদক্ষেপ নিতে হবে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু বার্ষিকী পালন করলেই হবে না, জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Advertisement

তিনি দ্রুত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন এবং শহীদ পরিবার ও আহতদের প্রতিশ্রুত সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফারহান, ফায়াজ, রিয়া, গোপসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদ এবং আহত তিন হাজারের বেশি আন্দোলনকারীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এনসিপি। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শ্রমিক, নারী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, আলেম, সাংবাদিক, আইনজীবী, প্রবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন, তাদের অবদানের কথাও স্মরণ করেন তিনি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও মানুষ যে বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়ের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ওই রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বিশেষ করে হাসানুল হক ইনুর সাজা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, জুলাই গণহত্যায় সহযোগিতার অভিযোগে তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। রাষ্ট্রপক্ষকে রায়ের বিরুদ্ধে আপিল করার আহ্বান জানান তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মাত্র দুটি মামলার রায় হয়েছে এবং তদন্ত কার্যক্রমেও ধীরগতি দেখা যাচ্ছে। তিনি শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবারের আর্থিক সহায়তা, আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং দেশের বিভিন্ন স্থানে শহীদদের কবর সংরক্ষণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেক কিছুই এখনো বাস্তবায়ন হয়নি। তিনি এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে তিনি বলেন, গণভোট ও জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম এখনো বাস্তবায়িত হয়নি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন নয়, এর মূল চেতনা ও সংস্কার বাস্তবায়নের মাধ্যমেই সরকারকে প্রমাণ করতে হবে যে তারা গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছে।

তিনি আরও দাবি করেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান জাতীয় জাদুঘর জনসাধারণের জন্য খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই সেই জাদুঘর উন্মুক্ত করার উদ্যোগ নেবে বলে মন্তব্য করেন তিনি।

সরকার এখনো জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেনি উল্লেখ করে নাহিদ ইসলাম দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণারও আহ্বান জানান।