logo

এই বিজয় গণতন্ত্রের: বিএনপি

এই বিজয় গণতন্ত্রের: বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে দলের ‘নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির অফিসের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি। বিএনপি গণমানুষের দল, তৃণমূলের দল।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের এই বিজয় বাংলাদেশের।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন ইনশআল্লাহ, ভবিষ্যৎ একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ দেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা। সে সঙ্গে আগামী বিএনপি সরকার যে জনগণের, সে প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাআল্লাহ নিশ্চিত করবেন।

তারেক রহমানের এ উপদেষ্টা বলেন, সরকারটি হবে সেই সরকার, এই সরকার দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম, খুন, হামলা-মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের ওপর, অনেক শহীদের ত্যাগ সংগ্রামের উপর দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমাদের নেতা ইনশাআল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা, সেটি পূরণ করবেন। 

তিনি বলেন, আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সমস্যার সমাধান করবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবে। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭ আসনের মধ্যে ২১২টিতে বিজয়ী হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়া ধর্মভিত্তিক জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৮টি আসনে।