logo

প্রবাসীদের সেবায় ভলান্টিয়ার প্রতিনিধি নির্বাচন করা হবে : জামায়াত আমির

প্রবাসীদের সেবায় ভলান্টিয়ার প্রতিনিধি নির্বাচন করা হবে : জামায়াত আমির

প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সমস্যা সমাধানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভলান্টিয়ার প্রতিনিধি নিয়োগ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। যারা বিভিন্ন দেশের দূতাবাস বা হাইকমিশনের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, সেবা ও সমস্যা নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত ভাষণে এ তথ্য জানান তিনি।

শফিকুর রহমান বলেন, আমরা প্রবাসীদের অধিকার ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে চাই। সে লক্ষ্যেই প্রবাসীদের জন্য ভলান্টিয়ার প্রতিনিধি নির্বাচন করা হবে। যারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, সেবা এবং সমস্যার বিষয়ে দূতাবাস বা হাইকমিশনের সাথে সরাসরি সমন্বয় করে প্রবাসীদের স্বার্থে উপদেষ্টা ও প্রতিনিধি হিসেবে কাজ করবে।

প্রবাসীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, প্রবাসী ভাই ও বোনেরা জন্মভূমি থেকে হাজার মাইল থেকে দূরে থেকেও জুলাইয়ের অভ্যুত্থানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জেল-জুলুমের শিকার হয়েছেন। ত্যাগ স্বীকার করেছেন। ইতোমধ্যে আপনারা ভোটাধিকার প্রয়োগ করে নতুন বাংলাদেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠার প্রতি ইতিহাস রচনা করেছেন।

এ সময় আগামী দিনের দেশ গড়ার এই অভিযাত্রায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশের স্বপ্ন অপূর্ণই থেকে যাবে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, বাংলাদেশের বাইরে যেখানে যেখানে প্রবাসীদের সমস্যা রয়েছে, যেমন ইংল্যান্ডে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করে রাখা হয়েছে। আমরা কথা দিচ্ছি আর কোনো ফ্লাইট বন্ধ হবে না। বরং পূর্বের চালু ফ্লাইটগুলো আমরা আবার ফিরিয়ে নিয়ে আসব। নিউইয়র্কে নতুন করে বাংলাদেশ ফ্লাইট চালু হবে। এ রকম দুনিয়ার যেখানে যেখানে ফ্লাইটগুলো চালু করা দরকার, আমরা তা নিশ্চিত করার  ব্যাপারে বদ্ধপরিকর।

প্রবাসে বিভিন্ন কারণে মৃত্যুবরণ করা রেমিট্যান্স যোদ্ধাদের বিষয়ে শফিকুর রহমান বলেন, প্রবাসী ভাইয়েরা যখন মৃত্যুবরণ করেন, তখন অত্যন্ত অসহায় অবস্থায় তাদের লাশ উপেক্ষিত হয়। আমরা কথা দিচ্ছি, যারা আমাদের রেমিট্যান্স যোদ্ধা, তারা আমাদের গর্বের ধন। কেউ যদি আল্লাহর ইচ্ছায় বিদেশে ইন্তেকাল করেন, আমরা অত্যন্ত সম্মানের সাথে তাদের লাশ আমাদের কাঁধে করে দেশে বয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ।

জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব দিতে চায় জামায়াতে ইসলামী। দলটির আমির বলেন, আমরা প্রবাসীদেরও জাতীয় সংসদে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করার পক্ষে। প্রবাসীদের সংগত সব বিষয় গুরুত্বের সাথে নেব। দেশে যাতে তারা কোনোভাবে নিপীড়নের শিকার না হন, তা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ।