অয়নকে দ্রুত ফেরত দিন : নাসীরুদ্দীন

হাসপাতালে ভর্তি স্ট্রোক করা বাবার পাশ থেকে সন্তানকে ঘুম থেকে তুলে নেওয়া হয়েছে এবং তাকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৪ মে) সন্ধ্যা ৬টার পর ফেসবুকে নিজের ভেডিরফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে নাসীরুদ্দীন লেখেন, ‘আমি নামাজ পড়তে গিয়েছিলাম। সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমার ওপর ডিম নিক্ষেপ করা হলো, ইট-পাটকেল ছোড়া হলো, হকিস্টিক দিয়ে আঘাত করা হলো। আমার ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হলো।’
অভিযোগ করে তিনি বলেন, ‘বিচারের আশায় থানায় গেলাম। সেখানে ৮ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রাতের অন্ধকারে হাজারো সন্ত্রাসী দিয়ে হামলার পরিবেশ তৈরি করা হলো। হাসপাতালে স্ট্রোক করা বাবার পাশ থেকে সন্তানকে ঘুম থেকে তুলে নেওয়া হলো। যারা আমাকে হত্যার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো।
‘যদি এটাই হয় তোমাদের শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিকল্পনা, তবে সেখানে হয়তো ভেড়ার দল জায়গা খুঁজে পাবে; কিন্তু আমার মতো স্বাধীনচেতা মানুষের পক্ষে সেই অন্যায় ও ভয়ের রাজনীতির সঙ্গে পথ চলা সম্ভব নয়।’
শেষে আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অয়নকে দ্রুত ফিরত দিন তার বাবার পাশে।’
এর আগে অন্য এক পোস্টে তিনি লেখেন, ‘যে জাতীয়তাবাদ জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দেয়, বিচার ও জবাবদিহিতার দাবিকে উপহাস করে, এবং স্বদেশের নাগরিক হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, সেই ভণ্ড জাতীয়তাবাদ ও ভাওতাবাজির রাজনীতির সাথে আমার কোনো আপস নেই।’
তিনি বলেন, ‘মানুষের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদার পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম।’
