logo

ধানমন্ডিতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের ২ কর্মী গ্রেপ্তার

ধানমন্ডিতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের ২ কর্মী গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

রোববার (৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মনির হোসেন (৩৬) ও মো.  জসিম উদ্দীন (৪০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে ধানমন্ডি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ৩২ নম্বরে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত হতে একটি জাতীয় পতাকা ও মাথায় বাঁধার ১০টি হেডব্যান্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য। তারা ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলের উদ্দেশে একত্রিত হয়েছিল মর্মে জানা যায়। তাদের মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে প্রচারমূলক একাধিক ভিডিও ও ছবি পাওয়া যায়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।