ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, রয়ে গেছে তার চরিত্র: গয়েশ্বর

গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদের নেতৃত্বের পতন হলেও তাদের চরিত্র ধারণকারী অনেকেই এখনও বাংলাদেশে রয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের ঝটিকা মিছিল, পটকা ও বোমা বিস্ফোরণের মতো ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হচ্ছে। তবে কোনো অবস্থাতেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে তার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিবাদের নেতৃত্ব চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক লোকই বাংলাদেশে বসবাস করছে। আমরা হঠাৎ মাঝে মাঝে তার কিছু কিছু আলামত দেখছি।
তিনি আরও বলেন, জনজীবন অস্থিতিশীল করা এবং গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোথাও কোথাও ভোরবেলায় ঝটিকা মিছিল, পটকা ও বোমা ফাটানোর মতো ঘটনা ঘটছে। এসব ঘটনায় দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছেন।
বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা এ বিষয়ে সজাগ রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, কোনোভাবেই দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা গোপনে বিভিন্ন কর্মকাণ্ড ও নাশকতায় জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রশাসনের দায়িত্ব। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
