logo

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির একজনের মনোনয়নপত্র প্রত্যাহার

বাসস
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির একজনের মনোনয়নপত্র প্রত্যাহার
নির্বাচন কমিশনের লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা) আসনের উপনির্বাচনে বিএনপির ২ প্রার্থীর একজন ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দলের কথা মেনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) জেলা নির্বাচনী অফিসে গিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। এতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।

সোমবার (৫ অক্টোবর) প্রার্থীতা প্রত্যাহারের কথা জানিয়েছেন ওবায়দুল্লাহ মাসুদ।

তিনি বলেন, ‘আমি ছাত্রজীবনের শুরু থেকে বিএনপির পতাকাতলে অবস্থান নিয়েছি। এক মুহূর্তের জন্যও বিচ্যুত হইনি। এখন দলীয় প্রার্থী মির্জা ফয়সাল আমীনকে বিজয়ী করার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা নেব।’

এর আগে এ আসনে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। উপনির্বাচনে অংশ নিতে বিএনপির দুই প্রার্থী ছাড়া আরও চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তারা হলেন, ১১ দলীয় ঐক্যের প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

পাঁচজন প্রার্থী আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর ২২ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তপশিল ঘোষণা করে।

তপশিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে আগামী ২৯ অক্টোবর। ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। মঙ্গলবার (৬ অক্টোবর) মনোনয়নপত্র বাছাইয়ের দিন। আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা, চলবে ২৭ অক্টোবর সকাল পর্যন্ত।