logo

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করাচ্ছে: হামিম

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করাচ্ছে: হামিম

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ভোটকেন্দ্র সীমানার ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ সিদ্ধান্তটি সেই মিউজিয়ামে থাকা হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে। 

 

‘ভোটকেন্দ্রে মোবাইলের অনুমতি দিলে যারা নকল সিল বানিয়েছে, ইতোমধ্যে ধরা পড়েছে সেই দলটির এ ধরনের কাজ সম্পাদন সহজে হবে না। যারা বিভিন্ন অনিয়ম করতে ওতপেতে আছে তাদের কাজ কঠিন হবে বলেই কি এ ধরনের নিয়ম জারি?’

হামিম আরও ‍লিখেছেন, এ নির্বাচন নিয়ে বিন্দুমাত্র টালবাহানা, কোনো প্রকার প্রতারণা বা কালিমা লেপন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশিরা কিন্তু মেনে নেব না।

এর আগে, নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা এক পরিপত্রে বলা হয়, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কেবল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এই তালিকায় রয়েছেন প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশনায় বলা হয়েছে।